

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ‘পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি দাবি করেছেন, জামায়াত ইতোমধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক বৈশিষ্ট্যগুলো ধারণ করেছে।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
পোস্টে তিনি বলেন, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে। কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করার পর আবারও দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ খান বলেন, অতীতে বিরোধী দলগুলোকে মজলুম ও বিনয়ী হিসেবে দেখা গেলেও প্রধান বিরোধী দল হওয়ার পর জামায়াত আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে। তার আশঙ্কা, ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় গেলে ভিন্নমতের জন্য ন্যূনতম রাজনৈতিক স্পেসও রাখা হবে না।
জামায়াতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য গণ অধিকার পরিষদের নেতাদের ধন্যবাদ জানান তিনি। বিশেষ করে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের প্রশংসা করে রাশেদ খান বলেন, তারা গণ অধিকার পরিষদকে জামায়াতমুখী করতে চেয়েছিলেন এমন নেতাদের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন।
জামায়াত ও দলটির সেক্রেটারি জেনারেল গণ অধিকার পরিষদকে নিয়ে ‘জঘন্য বক্তব্য’ দিয়েছেন বলেও অভিযোগ করেন রাশেদ খান। একই সঙ্গে তিনি ওই বক্তব্যের প্রতিবাদ জানান।
গণতান্ত্রিক আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে গণ অধিকার পরিষদের ভূমিকা তুলে ধরে রাশেদ খান দাবি করেন, দল হিসেবে জামায়াতের তুলনায় তাদের অবদান বেশি। তার ভাষ্য, জামায়াত যখন আড়ালে ছিল, তখন গণ অধিকার পরিষদ রাজপথে সক্রিয় ছিল।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জামায়াতের নেতাকর্মীদের বক্তব্য ও আচরণ দেখে মনে হচ্ছে, গণতান্ত্রিক আন্দোলনের সব কৃতিত্ব তারাই অর্জন করেছে। তবে ইতিহাস পরিবর্তন করা যায় না বলেও মন্তব্য করেন রাশেদ খান।



