

অনলাইন নিউজ ডেস্ক
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, অবৈধ সরকারের আমলে দেশের যুবসমাজকে মাদকের অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার তরুণদের মাদক থেকে দূরে রাখতে কর্মমুখী শিক্ষা ও খেলাধুলার ওপর গুরুত্ব দিচ্ছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হয়েছে। সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখাই এর অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, একই সঙ্গে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তরুণদের কর্মমুখী করে গড়ে তুলতে পারলে তারা মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকবে।
জঙ্গল সলিমপুরে নির্মাণাধীন কারাগারে মাদক মামলার আসামিদের জন্য পৃথক কারাগারের ব্যবস্থা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাদক-সংশ্লিষ্ট আসামিদের সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হবে না। কারণ, কারাগারের ভেতরেও অপরাধীদের সংস্পর্শে এসে কেউ মাদকে জড়িয়ে পড়তে পারে।
মীর হেলাল বলেন, ‘আমরা যারা জেল খেটেছি, তারা জানি কারাগারের ভেতরের অবস্থা কেমন। বাইরে থেকে যারা কখনো কারাবরণ করেননি, তারা বিষয়টি বুঝতে পারবেন না।’
তিনি আরও বলেন, কেউ হয়তো অন্য কোনো মামলায়, এমনকি মারামারির মামলায় কারাগারে গেলেন। পরে কারাগার থেকে বের হয়ে মাদকে জড়িয়ে পড়লেন। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।



