

অনলাইন নিউজ ডেস্ক
সরকারি কর্মকর্তাদের নতুন পে-স্কেল বাস্তবায়নের নামে টালবাহানা করা হচ্ছে এবং মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের কর্মসংস্থানের নামে সরকারের উচ্চপর্যায় থেকে সিন্ডিকেট পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, বর্তমানে সরকারি কর্মকর্তারা যে বেতন পান, তা দিয়ে ১৫ দিনও চলা সম্ভব নয়। পে-স্কেল বাস্তবায়নের নামে সরকারের পক্ষ থেকে টালবাহানা করা হচ্ছে। আগামী মাস থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান তিনি।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, প্রবাসী ও তাদের স্বজনদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে আবারও ২৫ জনের একটি সিন্ডিকেট করা হয়েছে। প্রধানমন্ত্রীসহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি এই সিন্ডিকেটের সঙ্গে সরাসরি যুক্ত বলে তারা জানতে পেরেছেন বলেও দাবি করেন সারজিস।
চট্টগ্রামের স্থানীয় রাজনীতি নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চট্টগ্রামের নীতিনির্ধারকদের স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে। বর্ষা এলেই তারা নাটক বা শুটিং শুরু করেন। আগামী বর্ষায় এমন দৃশ্য আর দেখতে চান না তারা।
সারজিস আলম বলেন, নির্বাচিত সরকারের ছয় মাস না যেতেই পূর্ববর্তী সরকারের চরিত্র দেখতে পাচ্ছেন তারা। এটি ভবিষ্যতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পুনর্বাসনের স্পষ্ট ইঙ্গিত বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামের স্বাস্থ্য খাত ও যোগাযোগব্যবস্থার সমালোচনা করে সারজিস বলেন, শহরের রাস্তাঘাটের যে অবস্থা, তাতে মনে হয় অসুস্থ মানুষ হাসপাতালে না গিয়ে ঘরে বসে থাকাই ভালো। বাণিজ্যিক রাজধানী হয়েও সামান্য চিকিৎসার জন্য কেন চট্টগ্রামের মানুষকে ঢাকায় যেতে হবে—এ প্রশ্নও তোলেন তিনি।
এ সময় জাতীয় পার্টির সমালোচনা করে সারজিস আলম বলেন, আওয়ামী লীগের পোষা দলের মতো কোনো দলকে তারা আর বাংলাদেশে দেখতে চান না। তবে বর্তমান বিরোধী দলকেও জাতীয় পার্টির সঙ্গে তুলনা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।
আগামীতে এনসিপি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বলেও জানান সারজিস আলম। তিনি বলেন, প্রতিটি সেক্টরে দলীয়ভাবে একক প্রার্থী ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন।



