দূর্ঘটনা

সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের চৌকিদিঘী এলাকার ব্রিটেনিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত দিপাঞ্জন ঘোষ প্রিয়ম (২১) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী। তার পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। পরিবার ঢাকার মোহাম্মদপুরে থাকলেও তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের সুরমা আবাসিক এলাকায় একটি মেসে থাকতেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের সহপাঠী ফায়াজ নবী জানান, বিকেল ৫টার দিকে তারা কয়েকজন বন্ধু মিলে সাঁতার কাটতে যান। প্রিয়মও তাদের সঙ্গে যোগ দেন এবং সাঁতার জানেন বলে জানান। একপর্যায়ে তিনি সুইমিংপুলের ৯ ফুট গভীর অংশে চলে যান। পরে তাকে পানির নিচে ভাসমান অবস্থায় দেখতে পান সুইমিংপুলের কর্মীরা।

সুইমিংপুলের ইনস্ট্রাক্টর আমিরুল ইসলাম আবু জানান, প্রিয়মকে উদ্ধার করে প্রাথমিকভাবে ঝাঁকুনি দেওয়া হলে তিনি বমি করেন এবং হালকা শ্বাস নিচ্ছিলেন। পরে তাকে সিএনজিযোগে নূরজাহান হাসপাতালে নেওয়া হয়।

তবে নূরজাহান হাসপাতালের পরিচালক ডা. নাসিম আহমদ জানান, ওই শিক্ষার্থীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. মুখলেসুর রহমান বলেন, দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত মর্মাহত। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে।

তিনি আরও বলেন, সুইমিংপুল কর্তৃপক্ষের কোনো অবহেলা বা তদারকির ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর থানার পরিদর্শক আব্দুস সালাম জানান, পাঁচজন শিক্ষার্থী সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়েছিলেন। পরে এক শিক্ষার্থীকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button