বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সংযোগে বিমসটেককে আরও গতিশীল করার প্রত্যয় বাংলাদেশের, পররাষ্ট্র প্রতিমন্ত্রী,হুমায়ুন কবির

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬,নগর সমাচার ডেস্ক:
বিমসটেককে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৪ সেপ্টেম্বর ঢাকার শেরাটন বলরুমে অনুষ্ঠিত বিমসটেক সচিবালয়ের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকারের কথা জানান।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমসটেকের সব সদস্য রাষ্ট্রের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে বিমসটেকের মহাসচিব ও সচিবালয়ের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
হুমায়ুন কবির বাংলাদেশের ‘বাংলাদেশ প্রথম’ নীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, আঞ্চলিক সহযোগিতাকে আরও কার্যকর করতে সক্রিয়, গঠনমূলক ও অর্থবহ সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিমসটেকের কৌশলগত গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংগঠনটিকে আরও কার্যকর ও জনকেন্দ্রিক করতে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক সংযোগ, সমুদ্র অর্থনীতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিমসটেকের বর্তমান চেয়ার ও সচিবালয়ের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ সব সদস্য রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিমসটেকের অঙ্গীকারগুলোকে বাস্তব ও দৃশ্যমান ফলাফলে রূপ দিতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে।

তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি গতিশীল সেতুবন্ধন এবং আঞ্চলিক শান্তি, অগ্রগতি ও অভিন্ন সমৃদ্ধির প্ল্যাটফর্ম হিসেবে বিমসটেককে আরও শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় প্রত্যয় রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দ্বিপাক্ষিক মতপার্থক্য যেন আঞ্চলিক সহযোগিতার পথে বাধা হয়ে না দাঁড়ায়। এ জন্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অব্যাহত গঠনমূলক সম্পৃক্ততা ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বিমসটেক ভবিষ্যতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জনগণের জন্য আরও কার্যকর ও ফলপ্রসূ আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
