

অনলাইন নিউজ ডেস্ক
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটি নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল ভিডিওতে পাভেলকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে এবং কিছু আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেতা নিজেই।
পাভেল জানান, ভিডিওতে থাকা নারী তাঁর বান্ধবী। তাঁদের মধ্যে এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হন।
নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন পাভেল। তবে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।



