

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরো ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হলো। আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে গ্রেপ্তারের তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
এর আগে একই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ১৫ জনকে গতকাল সোমবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত।
সোমবার পুলিশ জানায়, হামলার ঘটনায় সোমবার পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে এবং এদের মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে একদল লোক সংগঠিতভাবে সন্ত্রাসী হামলা চালায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে। দীর্ঘ সময় ধরে এই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িকেও বাধা দেয় তারা।
তারা ভবনের অগ্নিনির্বাপণব্যবস্থা নষ্ট করে ফেলে। সাক্ষ্য-প্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। তারা ফায়ার সার্ভিসকেও আগুন নেভানোর কাজে বাধা দেয়। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় শুধু লুটপাট করা সম্পদের মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।



