

অনলাইন নিউজ ডেস্ক
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে এবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর থেকেই শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা বোর্ড ভবন ঘেরাও করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার আহ্বান জানানো হলেও আন্দোলনকারীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, “আমাদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখন আমাদের একটাই দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তাঁর স্থলে একজন শিক্ষাবান্ধব ব্যক্তিকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিতে হবে।”
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, “শিক্ষার্থীদের দাবির সঙ্গে শিক্ষা বোর্ডের সরাসরি কোনো সম্পর্ক নেই। তারপরও তারা এখানে অবস্থান করছে। আমরা তাদের বিষয়টি বুঝিয়ে বলেছি। তারা যদি অবস্থান চালিয়ে যায়, সে ক্ষেত্রে আমাদের করার তেমন কিছু নেই।



