

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার আনা হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে জনগণের প্রত্যাশা অনেক বেশি। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চান। এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ ও বাজেট বরাদ্দের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। নতুন জনবল নিয়োগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনীর যুগোপযোগী উন্নয়নে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। এ লক্ষ্যে দপ্তর-সংস্থার প্রধানদের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসংক্রান্ত সুপারিশমালা তৈরির নির্দেশ দেন।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন এবং আইজিপি **বাহারুল আলম**সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



