

নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভিসা জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভিসাসংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং কীভাবে বাস্তবসম্মত সমাধান করা যায়, সে বিষয়ে কাজ চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে ও সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সরকারের অবস্থান এখন আরও শক্ত।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিশ্রুতি দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।



