জাতীয়

কুয়াশার কারণে ঢাকায় নামতে পারলো না আন্তর্জাতিক ১০ ফ্লাইট

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ১০টি ফ্লাইট। ফ্লাইটগুলোকে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শাহজালাল বিমানবন্দরগামী ১০টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে।

অন্যদিকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর শিডিউল বিপর্যয়ের পাশাপাশি দোহা, শারজাহ, গুয়াংজু, সিঙ্গাপুর ও বাহরাইন থেকে আসা ঢাকাগামী ফ্লাইটগুলো ৩ থেকে ৫ ঘণ্টা দেরিতে আসার কথা রয়েছে।

এদিকে, ঢাকাসহ সারা দেশেই জেঁকে বসেছে তীব্র শীত। কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় বেড়েছে কুয়াশা ও শীতের তীব্রতা। এতে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক রয়েছে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশাসহ কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগও সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button