

সিলেটের জৈন্তাপুর উপজেলার বাগেরখাল এলাকায় শিশুদের প্রাথমিক দ্বীনি ও নৈতিক শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত নূরানী মডেল স্কুল, বাগেরখাল সফলভাবে এক বছর পূর্ণ করেছে।
প্রতিষ্ঠানটি গত ১ জানুয়ারি ২০২৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে। এক বছরের মধ্যে এলাকার পাঁচ বছর ও তদূর্ধ্ব বয়সী শিশুদের নূরানী শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।
স্কুলটির পরিচালক আল আমিন বলেন, আমাদের মূল লক্ষ্য হলো ছোট বয়স থেকেই শিশুদের কুরআন শিক্ষা, নামাজ, আদব-আখলাক ও নৈতিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করা। আলহামদুলিল্লাহ, এক বছরে আমরা অভিভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।
অপর পরিচালক শামীম আহমদ বলেন, গ্রামাঞ্চলের শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ দ্বীনি শিক্ষার পরিবেশ তৈরি করাই আমাদের উদ্দেশ্য। আগামী দিনে পাঠদানের মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
স্থানীয় অভিভাবকরা জানান, বাগেরখাল এলাকায় এ ধরনের একটি নূরানী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ায় তারা সন্তুষ্ট। তাদের মতে, এটি শিশুদের নৈতিক ও দ্বীনি শিক্ষায় আগ্রহী করে তুলছে।
উল্লেখ্য, নূরানী মডেল স্কুল, বাগেরখাল শিশুদের জন্য নিয়মিত পাঠদানের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।



