অপরাধ

সাইবার মামলায় ববির নারী কর্মকর্তা কারাগারে

সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সাইবার মামলায় জামিন চেয়ে আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করেন বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়তউল্লাহ। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে গত ৫ ডিসেম্বর বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বরিশাল জেলা কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদ, যিনি বর্তমানে ভোলায় কর্মরত।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন জানান, আদালত ও তদন্তকারী কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই জামিন নামঞ্জুর করা হয়েছে। তিনি আরও বলেন, বিবাদীর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক, ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে।

আইনজীবী জানান, বাদী লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা থাকাকালে অফিসকক্ষে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button