

অনলাইন নিউজ ডেস্ক
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির সাবেক দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাখাওয়াত ইমতিয়াজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে মো. নুরুল ইসলাম (৫২)। তিনি জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং একই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপরজন সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার আব্দুল জলিলের ছেলে মো. সজিব (৩২), যিনি যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
এসআই শাখাওয়াত ইমতিয়াজ বলেন, বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
