

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও মুক্তিযুদ্ধ–গণতন্ত্র জোটের সম্পাদক ফাতিমা তাসনিম জুমা জানিয়েছেন, জামায়াত আমিরকে ঘিরে ‘নারী’ বিষয়ক মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য জুড়ে ভুয়া ও আপত্তিকর ফটোকার্ড ছড়ানো হচ্ছে। এসব ছবি দেখে তিনি বিব্রত ও লজ্জিত বলে উল্লেখ করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে জুমা লিখেছেন, তার পরিচিত অনেকেই—যাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টও রয়েছেন—এসব ফটোকার্ড শেয়ার করছেন, যা তাকে কষ্ট দিচ্ছে। তিনি বলেন, ন্যায়ের কথা বলা মানুষদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।
পোস্টে তিনি আরও বলেন, সামনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক কর্মীদের ঝুঁকি নিতে হবে এবং নারীদেরও মানসিক চাপের মুখে পড়তে হতে পারে। এ অবস্থায় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
এদিকে একই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) তার ফেসবুক স্ট্যাটাসে জানান, জামায়াত আমিরের ‘নাড়ি’ প্রসঙ্গ নিয়ে ভাইরাল পোস্টের জেরে তার ইনবক্সে অসংলগ্ন বার্তার চাপ তৈরি হয়েছে। তিনি সবার প্রতি ধৈর্য ধরার অনুরোধ জানান।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে ওই পোস্টটি সরিয়ে ফেলা হয়।
এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় আমিরের অফিসিয়াল এক্স হ্যান্ডেলসহ কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার–মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংশ্লিষ্ট পোস্টটি মিথ্যা ও বিভ্রান্তিকর, যা জামায়াত আমিরের প্রকৃত বক্তব্য বা অবস্থানকে প্রতিফলিত করে না।



