

জাপানের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। ২৯ মিনিটে পিছিয়ে পড়েও ২–১ গোলের জয় তুলে নেওয়া সেলেসাওদের পরবর্তী প্রতিপক্ষ নিয়ে ছিল অপেক্ষা। সেই অপেক্ষার অবসান হয়েছে।
বাংলাদেশ সময় শনিবার রাতে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ শেষে ব্রাজিলের প্রতিপক্ষ চূড়ান্ত হয়। আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা নরওয়েই এখন ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।
জাপানের বিপক্ষে জয় দিয়ে নকআউট পর্বে আত্মবিশ্বাস নিয়ে পা রাখা ব্রাজিলের লক্ষ্য এবার শেষ আটে জায়গা করে নেওয়া। তবে শারীরিক শক্তি, সংগঠিত ফুটবল ও দ্রুতগতির আক্রমণে সমৃদ্ধ নরওয়ের বিপক্ষে সহজ কোনো ম্যাচের আশা করছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নকআউট পর্বে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। তাই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে ব্রাজিল-নরওয়ে লড়াইয়ে জমে উঠবে আরেকটি হাইভোল্টেজ দ্বৈরথ।



