

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর ভাটারার জোয়ার সাহারা বাজারসংলগ্ন একটি বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে আটকে রেখে মাদক সেবনের ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভাটারা থানাধীন জোয়ার সাহারা বাজারসংলগ্ন একটি ভবনের পঞ্চম তলার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাকিব, ওয়াসিদ ও জিল। সাকিব ও ওয়াসিদ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ জানায়, তারা প্রায়ই ওই বাসায় এসে মাদক সেবন করতেন। অপরদিকে, জিল একজন এইচএসসি পরীক্ষার্থী।
জিলের অভিযোগ, শুক্রবার সকালে ওয়াসিদ তাকে জোয়ার সাহারা বাজারসংলগ্ন ওই বাসায় নিয়ে যান। সেখানে ওয়াসিদ, সাকিব ও জিল ছাড়া আর কেউ ছিলেন না। একপর্যায়ে তারা ইয়াবা ও হেরোইন সেবন করেন। পরে ওয়াসিদ তার মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল শুরু করেন এবং টাকা দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, জিল বিকাশের মাধ্যমে ওয়াসিদকে দুই হাজার টাকা পাঠান। কিন্তু এরপরও আরও টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াসিদ ও সাকিব তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নেন এবং তাকে বাসার ভেতরে আটকে রাখেন।
বাড়ির দারোয়ান ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার বারান্দা থেকে চিৎকার শুনে তাদের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মওদুদ বলেন, এক বাসায় কয়েকজন মাদক সেবন করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও টাকা দাবির অভিযোগও পাওয়া গেছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগটি ভুক্তভোগীর দাবি এবং এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।



