

অনলাইন নিউজ ডেস্ক
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। দলটির অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শাওনের সাম্প্রতিক বক্তব্য উস্কানিমূলক এবং জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি অবমাননাকর।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘মেহের আফরোজ শাওনের জুলাইবিরোধী অবস্থান ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় জেডিপি।
সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশের কয়েক দিনের মধ্যেই মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর দাবি, এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই এবং এসব বক্তব্য জনমনে উসকানি সৃষ্টি করতে পারে।
নাঈম আহমাদ আরও দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেপ্তার করা হলেও পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের একটি অংশের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
তিনি বলেন, সময়মতো যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হলে শাওন এ ধরনের মন্তব্য করার সুযোগ পেতেন না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের কেউ যদি তাঁকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন, তবে তা উল্টো ফল বয়ে আনবে।
সংবাদ সম্মেলনে নাঈম আহমাদ মেহের আফরোজ শাওনকে বয়কটেরও আহ্বান জানান। তিনি বলেন, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠানগুলোর উচিত তাঁকে বয়কট করা। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের বিষয় উপেক্ষা করা হলে জনমনে ক্ষোভ তৈরি হতে পারে।
সংবাদ সম্মেলনে জেডিপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান সংগঠক মো. আহছান উল্লাহ, যুগ্ম সদস্য সচিব মাহতাব হোসেন সাব্বির, নাজমুন নাহার হাফসা, ইয়াসিন আরাফাত রাজ, কেন্দ্রীয় সদস্য শেহনাজ রশিদ খান, আবদুল হামিদ এবং জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান শরীফসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।



