জাতীয়

রাঙামাটিতে তিন হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা নেতাসহ দুজন গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক

রাঙামাটিতে তিন হাজার ইয়াবা বড়িসহ গণ অধিকার পরিষদের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাত ১১টার দিকে কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি জলমনি চাকমা (৪৯), যিনি গণ অধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার সহসভাপতির দায়িত্বে রয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা বাবু তঞ্চঙ্গ্যা (৩৮) নামের আরও একজনকেও গ্রেপ্তার করা হয়। বাবু তঞ্চঙ্গ্যার বাড়ি বিলাইছড়ি উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ধোপ্পাছড়ি এলাকায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মারী স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে তিন হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের দাবি, তারা ওই এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন।

সংবাদ সম্মেলনে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার জানান, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। তিনি বলেন, এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করা, ইয়াবার উৎস এবং সরবরাহের রুট সম্পর্কে তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button