রাজনীতি

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

অনলাইন নিউজ ডেস্ক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, চলমান আন্দোলন-সংগ্রামের রাজনীতি থেকে বেরিয়ে এসে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। তিনি মন্তব্য করেন, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এই মুহূর্তে বিএনপি সরকার ছাড়া কার্যকর কোনো বিকল্প নেই।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ছাত্র অধিকার পরিষদের কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস হয়েছে। এ সময়ের মধ্যেই যদি ধারাবাহিক আন্দোলনের কারণে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়, তাহলে দেশ পরিচালনার দায়িত্ব কে নেবে—এ প্রশ্নও তোলেন তিনি। তার ভাষায়, বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে বিএনপি সরকার ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তি দেশকে নেতৃত্ব দেওয়ার অবস্থানে নেই।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে। এ অবস্থায় উসকানিমূলক আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলা হলে তা দেশের জন্যই ক্ষতিকর হবে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ অতীতে সহিংসতার পথ বেছে নিয়েছিল। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি কেউ চায় না বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নুর বলেন, দীর্ঘদিনের দমন-পীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষও যুক্ত হয়েছিল একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায়। তিনি বলেন, আন্দোলনে নিহত ও আহতদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্দিষ্ট দিবসে স্মরণ নয়, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

সরকারের একজন সদস্য হলেও ভুল সিদ্ধান্তকে সমর্থন করবেন না উল্লেখ করে তিনি বলেন, সরকারকে সমালোচনা করা, ভুল ধরিয়ে দেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নিতে চাপ সৃষ্টি করা গণতান্ত্রিক অধিকার। তবে তা হতে হবে শালীন ও দায়িত্বশীল উপায়ে। অশ্রাব্য ভাষা, উসকানিমূলক বক্তব্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সংস্কৃতি জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে মতপার্থক্য থাকলেও রাষ্ট্রীয় ও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মব জাস্টিস ও আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নোমান আলম মুন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, প্রধান আলোচক হিসেবে কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং বিশেষ আলোচক হিসেবে সংগঠনের সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক বক্তব্য দেন। সভায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button