

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, নতুন সরকারের পাঁচ মাসের মধ্যেই দেশে জনদুর্ভোগ বেড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তার দাবি, লুটপাট, চাঁদাবাজি, দলীয়করণ ও দুর্নীতির সিন্ডিকেট দেশের মানুষের ওপর চেপে বসেছে।
সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট ও বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।
গোলাম পরওয়ার বলেন, দেশে গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। এর প্রতিবাদে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা রাস্তায় নেমে আসছেন। একদিকে গ্যাসের দাম বাড়ছে, অন্যদিকে উৎপাদন কমছে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এলপিজির মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। গ্যাস সংকটের কারণে পোশাক, সার ও ইস্পাতসহ বিভিন্ন শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের সংকটে ভোগান্তি বাড়ছে।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, ২০২৬ সালে বিদ্যুতের দাম বাড়ানো হলেও ভুতুড়ে বিল নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। প্রকৃত ব্যবহার না থাকলেও অনেক গ্রাহকের বিল বেড়ে যাচ্ছে এবং নিম্ন আয়ের মানুষ অতিরিক্ত ট্যারিফের চাপে পড়ছেন।
দ্রব্যমূল্য প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, চাল, ডাল, চিনি, কাঁচামরিচ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
তিনি অভিযোগ করেন, সরকার জনদুর্ভোগের বিষয়গুলো সমাধানের পরিবর্তে সংবিধান ও রাজনৈতিক ইস্যু নিয়ে ব্যস্ত রয়েছে। তার দাবি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল জনগণের অধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে, কিন্তু সরকার তাদের অবস্থানকে ভুলভাবে ব্যাখ্যা করছে।
গোলাম পরওয়ার আরও বলেন, গ্যাস সংকটের কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ছে। সংকট সমাধানে গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন বাড়ানো এবং নতুন বিনিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হচ্ছে। সরকারের প্রতি জনগণের দুর্ভোগের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।



