জাতীয়

আগামীকাল ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সংগ্রাম ও স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আগামীকাল বুধবার (৫ আগস্ট) উদ্বোধন করা হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

সংস্কৃতিমন্ত্রী জানান, বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাদুঘরের উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করবেন। পরে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করবেন। এছাড়া গণঅভ্যুত্থানের পটভূমি, আন্দোলনের ধারাবাহিকতা, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস তুলে ধরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button