

অনলাইন নিউজ ডেস্ক
কনটেন্ট নির্মাতা রিপন মিয়াকে ঘিরে পরকীয়ার অভিযোগের একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দাবি করা হচ্ছে, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাকে একটি স্থানীয় সালিশে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উপজেলার ৮ নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত একটি সালিশি বৈঠকের দৃশ্য দেখা গেছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আরও দাবি করা হচ্ছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। এ অভিযোগকে কেন্দ্র করে অনুষ্ঠিত সালিশে উপস্থিত কিছু ব্যক্তি তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার দাবি জানান বলে প্রচার করা হচ্ছে।
তবে এসব অভিযোগ এবং দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, রিপন মিয়া ২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন। অল্প সময়ের মধ্যেই সহজ-সরল উপস্থাপনা ও ঘরোয়া ভিডিওর মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন। বিশেষ করে, তার মুখে শোনা ‘হাই আই অ্যাম রিপন ভিডিও’ এবং ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।



