রাজনীতি

বাগমারায় বিএনপি-জামায়াত সংঘর্ষ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহীর বাগমারায় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির কর্মী শান্ত হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ সংঘর্ষ হয়। থানা সূত্রে জানা গেছে, রাতে বাগবাজার এলাকায় বিএনপির কর্মী শান্ত হোসেন ও আব্দুল হামিদ গেলে জামায়াতের কর্মী বল্টু মিয়াকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট না দেওয়ার কথা বলেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং বল্টু মিয়ার ওপর হামলার অভিযোগ ওঠে।

পরে বল্টুর চাচা মোজাম্মেল হক ঘটনাস্থলে গেলে উত্তেজনা আরও বাড়ে। সংঘর্ষে বল্টু ও মোজাম্মেল হক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শান্ত হোসেনকে আটক করে।

রাতেই মোজাম্মেল হক বাদী হয়ে শান্ত, আব্দুল হামিদসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তার অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও নির্বাচনী বিষয় নিয়ে বিরোধের জেরে কয়েকজন দলবদ্ধভাবে দোকানে ঢুকে হামলা চালায় এবং লাঠিসোঁটা দিয়ে মারধর করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর জামায়াতের স্থানীয় নেতারা অভিযোগ করেন, নির্বাচনী মাঠে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং তারা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে এবং প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে বের করে আনার দাবি জানান তারা।

বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় শান্ত নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের আটকের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button