জাতীয়

ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে এলে তাকে বেঁধে আমাকে ফোন দেবেন : প্রতিমন্ত্রী পুতুল

অনলাইন নিউজ ডেস্ক

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাজারে কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হলে দলীয় পরিচয় বিবেচনা না করে আইনগত ব্যবস্থা নিতে হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নিতে হবে এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

শুক্রবার (৫ জুন) রাতে নাটোরের লালপুরে বাজার উন্নয়ন ও আধুনিক ওয়াশ ব্লক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাজারের অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। আধুনিক ওয়াশ ব্লক নির্মাণের ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে প্রয়োজনীয় সেবা পাবেন।

তিনি আরও বলেন, উন্নত স্যানিটেশন ব্যবস্থা জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি একটি এলাকার সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন হাটবাজারে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মুলাম, বিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা জানান, লালপুর বাজারের দীর্ঘদিনের স্যানিটেশন সমস্যার সমাধানে নতুন ওয়াশ ব্লক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাজার উন্নয়নকাজ সম্পন্ন হলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী নির্মাণাধীন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button