রাজনীতি

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত

অনলাইন নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে তুরস্কের বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার (৫ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঘণ্টাব্যাপী বৈঠকে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ডা. শফিকুর রহমান তুরস্ককে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং এর দীর্ঘমেয়াদি সমাধানে তুরস্কের সহযোগিতা কামনা করা হয়েছে।

তিনি জানান, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আইনের শাসন প্রতিষ্ঠা, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া চামড়া, পাট ও তৈরি পোশাক শিল্পের উন্নয়নসহ শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়। জামায়াত আমির আশা প্রকাশ করেন, সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button