রাজনীতি

রুমিন ফারহানার পক্ষে প্রচারণা, এবার ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জের বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলা ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন—উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমিন, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম এবং শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শেখ রমজান।

এর আগে একই অভিযোগে সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি, উপজেলা যুবদলের সদস্য সচিবসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। পাশাপাশি শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিও স্থগিত করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী খেজুরগাছ প্রতীকের পক্ষে কাজ না করে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনি মাঠে সক্রিয় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে নির্বাচন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button