

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশে এই মুহুর্তে চলছে বিপিএল। কিন্তু সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টাইগাররা যাবে কিনা সেই ইস্যু। এই প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম আমার সিদ্ধান্ত হতো ভবিষ্যৎ থেকে শুরু করে সবকিছু নিয়েই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সবাইকে নিয়ে বসে অনেক সময় সিদ্ধান্ত নেয়া যায়। অবশ্যই সরকার ক্রিকেট বোর্ডের একটা বড় পার্ট কিন্তু বোর্ড স্বাধীন, তাই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’
টানাপোড়েনের শুরু বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ায়। প্রতিক্রিয়া হিসেবে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। বিশেষ করে সাধারণ দর্শকরা বিসিবির এমন সিদ্ধান্তে বেশ প্রশংসা করছে। তবে সবসময় দর্শকদের কথা অনুযায়ী চলা যাবে না বলে মনে করেন তামিম।
তিনি বলেন, ‘দর্শকরা অনেক কিছু বলবে কিন্তু তাদের কথা অনুযায়ী আপনি সবসময় চলতে পারবেন না। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরণের দর্শক অনেক ধরণে কথা আবেগে বলে। কিন্তু সবকিছু যদি আমরা ওভাবে চিন্তা করি তাহলে আপনি এতো বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না।’
শুধু তাই নয়, বাংলাদেশের আয়ের একটা বড় অংশ যে আইসিসি থেকে আসে সেটাও মনে করিয়ে দিয়েছেন তামিম। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমাদের ৯০/৯৯% ফাইন্যান্স আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’



