রাজনীতি

সমাবেশ করল জামায়াত, মাঠ পরিষ্কারে নামল বিএনপি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভা শেষে পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করেছেন বিএনপি নেতারা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। দলীয় সূত্রে জানানো হয়, শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে জামায়াতের জনসভা অনুষ্ঠিত হওয়ার পর খাবারের প্যাকেট, পলিথিন, কাগজসহ নানা ধরনের ময়লা ছড়িয়ে পড়ে। পরদিন বিএনপি প্রার্থী নিজে উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে মাঠ পরিষ্কার করেন।

ঘণ্টাব্যাপী কার্যক্রমে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাঠের বিভিন্ন জায়গা থেকে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে অপসারণ করা হয়।

বিএনপি প্রার্থী মনিরুজ্জামান বলেন, “রাজনৈতিক কর্মসূচি যে দলেরই হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। আগামীকাল (সোমবার) একই মাঠে আমাদের জনসভা অনুষ্ঠিত হবে। আমরা চাই আমাদের কর্মসূচি একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে হোক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

নির্বাচনী উত্তেজনার মধ্যে এই ধরনের উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রতিধ্বনি সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভিন্ন রাজনৈতিক দলের জনসভা শেষে মাঠ পরিষ্কার করার এই উদ্যোগ একটি উদাহরণ স্থাপন করেছে।

উল্লেখ্য, সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশের জন্য মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছে, এবং এলাকার দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button