

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের মাত্র তিন দিন বাকি থাকায় টাকার অপব্যবহার রোধের জন্য বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সীমাবদ্ধতা আরোপ করেছে। এই সিদ্ধান্ত অনুসারে রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চারদিন এই সেবাগুলো সীমিত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত অনুযায়ী বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস গ্রাহকরা এক লেনদেনে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠাতে পারবেন এবং দৈনিক সর্বোচ্চ লেনদেনের পরিমাণ হবে ১০ হাজার টাকা। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে অর্থ প্রেরণ সম্পূর্ণ বন্ধ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আসন্ন নির্বাচনে এমএফএস এবং ন্যাশনাল পেমেন্ট সুইচের (আইবিএফটি) মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের অপব্যবহার রোধ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময়ে প্রতিটি লেনদেনে সর্বোচ্চ সীমা এক হাজার টাকা এবং দৈনিক সর্বাধিক লেনদেনের সংখ্যা হবে ১০টি।
তবে মার্চেন্ট পেমেন্ট বা বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অপরিবর্তিত থাকবে। এর বাইরে এমএফএস প্রতিষ্ঠানগুলোর অন্যান্য সেবা এই সময় সীমার মধ্যে সাময়িকভাবে বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্বাচনের সময় এমএফএসের মাধ্যমে কোনো আর্থিক অপরাধ হলে তা অবিলম্বে নিকটস্থ থানায় জানাতে হবে। প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে জরুরি রেসপন্স সেল গঠন করে অভিযোগ গ্রহণ, নিষ্পত্তি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সমস্ত লেনদেনকে সার্বক্ষণিক মনিটরিং করতে হবে এবং সন্দেহজনক লেনদেন দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও পুরোপুরি বন্ধ থাকবে। এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে।



