

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয় আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ ঘটনা ঘটে। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েব আমির আজম খান, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা শরীফুল্লাহ ও মাওলানা রাশেদ বিন, পল্টন জোনের সেক্রেটারি মাওলানা ইমরানুল বারী সিরাজী প্রমুখ।
ঘটনার সূত্রপাত হয়েছিল সম্প্রতি একটি পডকাস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী হেফাজতের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে স্মৃতিচারণ করলে। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য ভাইরাল হলে হেফাজত সংশ্লিষ্টরা এতে বাবুনগরীকে নিয়ে মিথ্যাচার ও কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ করেন।
বিক্ষোভ চলাকালীন হঠাৎ মসজিদের ভেতর থেকে উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেও। তিনি দুঃখ প্রকাশ করে বক্তব্য দেবেন বলে জানালেও, উত্তেজনা এড়াতে আয়োজকরা সমাবেশ সংক্ষিপ্ত করে মিছিল শুরু করেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি পরে ফেসবুকে লিখেন, “আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।”



