

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে এশার নামাজের পর গোয়াইনঘাট উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামের সংলগ্ন মাঠে এ জনসভা হয়।
এবাদুর রহমানের সভাপতিত্বে ও এখলাসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের লক্ষ্য নিয়ে তিনি রাজনীতি করেন। শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে সীমান্ত এলাকার জরাজীর্ণ সড়কগুলোর উন্নয়ন তাঁর প্রথম দিকের উদ্যোগ হবে।
জনসভায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী ফখরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার সমিরন কান্তি দেব, সাংগঠনিক সম্পাদক শমসির আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কুটি মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিমসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও জাসাসের নেতাকর্মীরা।
সভায় নেতারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত এর অঙ্গীকার ব্যক্ত করেন।



