রাজনীতি

মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপি নেতার

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে পৌর শহরের সাহেব বাড়ি ঘাট এলাকার নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার এই ঘোষণা দেন। খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জ ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দেওয়ান জয়নুল জাকেরীন। সেই লক্ষ্যে এই আসনে প্রচার প্রচারণাও চালান তিনি। কিন্তু গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের।
এদিকে, ওই আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল মনোনয়ন পাওয়ার পর অন্য মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে দলীয় প্রতীককে বিজয়ী করতে আহ্বান জানান তিনি। তবে ওই আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থী সেটা না মেনে মঙ্গলবার রাতে তার নিজ বাসভবনে এক মতবিনিময় সভা আয়োজন করেন, সেখানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।
সভায় দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, আমি সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি এই এলাকার অনেক উন্নয়ন করেছি। তাই আমি চিন্তা করেছি, জীবনের শেষ সময় পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই। সে জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসন থেকে আমি স্বতন্ত্র নির্বাচন করতে চাই। এদিকে, এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পর নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, দলের খারাপ সময় দেওয়ান জয়নুল জাকেরীনকে আমরা মাঠ পর্যায়ে আন্দোলন করতে দেখেনি। একটি মামলা তার নামে হয়েছে কিনা আমাদের জানা নেই। আজ যখন দলের সু-সময়, তখন তিনি দলের বাইরে গিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, এটা সত্যি দুঃখজনক।
তবে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, দেওয়ান জয়নুল জাকেরীন স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণাটি এখনও আমার নজরে আসেনি। তবে দলের বাইরে গিয়ে কেউ নির্বাচন করার সুযোগ নেই। যদি কেউ করতে চায় তাহলে দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button