

বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুস সালাম (৩০), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে বিএনপি কর্মী আবু বক্কর (২৮) এবং শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রূপিহার গ্রামের আবু মুসার ছেলে বিএনপি কর্মী পারভেজ মোশারফ (২৫)। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় সম্পৃক্ততা নিশ্চিত করেছেন।
বগুড়া সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে শাজাহানপুর ক্যাম্পের সেনা সদস্যরা মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়াগাড়ি গ্রামে অভিযান চালান। সেখানে তারা সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুস সালামকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চায়নিজ পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৩৫টি বিভিন্ন ধরনের দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে আবু বক্কর ও পারভেজ মোশারফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের সঙ্গে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়। নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, তিন আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।



