

হবিগঞ্জ—৩ (সদর—লাখাই—শায়েস্তাগঞ্জ) আসনে নির্বাচন প্রভাবিত করার জন্য একটি রাজনৈতিক দল অবৈধ কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তারা কালোটাকা ছড়ানোর মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে এবং ধর্মের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এ অভিযোগ করেছেন হবিগঞ্জ—৩ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।
তিনি বলেন, “মিডিয়ার মাধ্যমে আমরা ইতোমধ্যেই জানতে পেরেছি, দেশের বিভিন্ন স্থানে একটি রাজনৈতিক দলের নেতারা বিপুল পরিমাণ টাকা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন। তবে হবিগঞ্জে পরিস্থিতি এখনও শান্তিপূর্ণ। প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমরা আশা করি, এখানে যেকোনো অস্বাভাবিক বা অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করা হবে।”
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৫৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ২৯৮ জন, মহিলা ভোটার ২ লাখ ৬ হাজার ২৬২ জন এবং হিজরা ভোটার আছেন ১৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৩৭টি। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন প্রার্থী।



