শিক্ষা

জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

জাতি ‘অর্ধকানা’ হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, একটি বক্তব্যকে আংশিকভাবে বা নেতিবাচকভাবে উপস্থাপন করলে বিভ্রান্তি তৈরি হয়, যা জাতির জন্য ইতিবাচক নয়।

শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, “যারা আমাকে নিয়ে ট্রল করছে তারা কেউই ছাত্র নয়। শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আন্দোলনের নামে অযথা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কোনো লাভ নেই।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা একটি ন্যারেটিভকে নেতিবাচকভাবে গ্রহণ করেছে। জাতি যদি এভাবে অর্ধকানা হয়ে যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব নিয়ে কাজ করছি। যতই সমালোচনা বা ট্রল হোক, আমরা আমাদের দায়িত্ব থেকে সরে আসব না।”

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনকে জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এর মাধ্যমে নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ভবিষ্যতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী হন।

এর আগে সকালে নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button