

অনলাইন নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম-কে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বার্তায় তিনি বলেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে, যা দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
তিনি উল্লেখ করেন, মাত্র এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা একটি নতুন দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টিতে জয়লাভ এবং আরও কয়েকটিতে শক্ত প্রতিযোগিতা সৃষ্টি করা উল্লেখযোগ্য সাফল্য। এটি কেবল সংখ্যাগত অর্জন নয়, বরং তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন।
প্রধান উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় নাহিদ ইসলামের নেতৃত্ব, সাহসিকতা ও দৃঢ় অবস্থান জাতির মনে গভীর ছাপ ফেলেছে। সহযোদ্ধাদের আত্মত্যাগের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ব্যক্তিগত ও জাতীয়ভাবে কৃতজ্ঞতা জানান।
উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, নাহিদের কর্মদক্ষতা, নীতিগত দৃঢ়তা ও প্রশাসনিক বিষয়ে আগ্রহ তাকে মুগ্ধ করেছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন নতুন কণ্ঠস্বর ও নতুন ধারণা জায়গা পায়। এনসিপির সাম্প্রতিক সাফল্য প্রমাণ করে যে, দেশের তরুণ সমাজ নীতিনিষ্ঠ রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। তবে এই আস্থা রক্ষা করা এখন দলের বড় দায়িত্ব।
সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের, বিশেষ করে তরুণদের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার সুযোগ এসেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেবে।
শেষে তিনি বলেন, আন্দোলনের পথ পেরিয়ে মূলধারার রাজনীতিতে প্রবেশের এই রূপান্তর যেন আদর্শ ও মূল্যবোধ অটুট রেখে এগিয়ে যায়—এটাই সবার প্রত্যাশা।



