রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র আজ দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, দুই নেতার মধ্যে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনসহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের প্রথম একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডনের ডরচেস্টার হোটেলে হওয়া ওই বৈঠকের পর উভয় পক্ষ যৌথ বিবৃতি দিয়েছিল। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।

এরপর গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। দশ দিনের মাথায়, ৯ জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজই প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন তারেক রহমান।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন প্রশ্নে একটি গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button