

সিলেটের জৈন্তাপুরে নাইট মিনিবার ফুটবল খেলতে গিয়ে গাছের ডালে আঘাত পেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ইমন আহমেদ (১৬) এর মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার রাতে দরবস্ত এলাকার মহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘটে এই দুর্ঘটনা।
ইমন আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের নবম শ্রেণির পরীক্ষার্থী ও দরবস্ত ইউনিয়নের লক্ষিপ্রসাদ (কান্দিগ্রাম) গ্রামের বাসিন্দা। খেলায় অংশ নেওয়ার এক পর্যায়ে মাঠের পাশের কাটা ডালে আঘাত পেয়ে তিনি আহত হন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
ইমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এদিকে, ইমনের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার দুপুরে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সেক্রেটারি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি ইমনের পরিবারের খোঁজখবর নেন এবং গভীর শোক ও সমবেদনা জানান।
এ সময় ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



