তথ্য ও প্রযুক্তি

ইলন মাস্কের চোখে এআই ও রোবটের ভবিষ্যৎ: ৪টি ভবিষ্যদ্বাণী

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকস প্রযুক্তি আগামী এক দশকে স্বাস্থ্যসেবা, অর্থনীতি এবং মানবজীবনের মৌলিক ধারণায় যুগান্তকারী পরিবর্তন আনবে—এমন ভবিষ্যদ্বাণী করেছেন স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। তাঁর মতে, প্রযুক্তিগত অগ্রগতির ফলে চিকিৎসা পেশার কাঠামো আমূল বদলে যাবে এবং মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানোও বাস্তবসম্মত লক্ষ্য হয়ে উঠবে।

পিটার ডায়াম্যান্ডিসের সঞ্চালনায় ‘মুনশটস’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, চিকিৎসা খাতের সামনে কার্যত মাত্র কয়েক বছরের সময় রয়েছে। তাঁর দাবি, ২০৩০ সালের মধ্যেই বিশেষায়িত হাসপাতালে রোবট সার্জনরা সংখ্যা ও দক্ষতায় মানব চিকিৎসক ও সার্জনদের ছাড়িয়ে যাবে। এআই ও রোবট প্রযুক্তি নিয়ে ইলন মাস্কের চারটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী তুলে ধরা হলো—

১. রোবট সার্জনের উত্থান
ইলন মাস্কের মতে, মানুষের শেখার সীমাবদ্ধতার কারণে চিকিৎসাব্যবস্থা কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। একজন দক্ষ চিকিৎসক বা সার্জন হতে দীর্ঘ সময় লাগে, অথচ চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান দ্রুত পরিবর্তিত হচ্ছে। কাজের চাপ ও সীমিত সময়ের কারণে মানব চিকিৎসকদের ভুলের ঝুঁকিও থাকে। মাস্কের দাবি, ভবিষ্যতে সাধারণ মানুষ এমন মানের চিকিৎসাসেবা পাবে, যা বর্তমানে কেবল শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাই পান। এ সংকটের সমাধানে তিনি টেসলার হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’-এর সম্ভাবনার কথা উল্লেখ করেন।

২. অবসরকালীন সঞ্চয়ের প্রয়োজন কমে যাবে
ভবিষ্যতের অর্থনৈতিক বাস্তবতা নিয়েও প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন মাস্ক। তাঁর মতে, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে অবসরজীবনের জন্য আলাদা করে সঞ্চয়ের প্রয়োজন অনেকটাই কমে যেতে পারে। যদি রোবট ঘর নির্মাণ থেকে শুরু করে খাদ্য উৎপাদনসহ অধিকাংশ শারীরিক শ্রমে সক্ষম হয়, তাহলে পণ্য ও সেবার উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ফলে জীবনের মৌলিক চাহিদা পূরণে অতিরিক্ত অর্থ সঞ্চয়ের প্রয়োজন নাও থাকতে পারে।

৩. মানুষের আয়ু বৃদ্ধি সম্ভব
মানুষের আয়ু বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আশাবাদী ইলন মাস্ক। তাঁর মতে, বার্ধক্য কোনো অনিবার্য প্রাকৃতিক প্রক্রিয়া নয়; এটি একটি সমাধানযোগ্য প্রযুক্তিগত সমস্যা। মানবদেহে বয়স বৃদ্ধির একটি নির্দিষ্ট ‘জৈবিক প্রোগ্রাম’ রয়েছে। সেই প্রোগ্রাম পরিবর্তন করা গেলে দীর্ঘায়ু বা আধা অমরত্ব অর্জন সম্ভব হতে পারে। ভবিষ্যতে এ ধরনের সমাধান এতটাই স্বাভাবিক হয়ে উঠবে যে তা আর বিস্ময়ের বিষয় থাকবে না বলেও মনে করেন তিনি।

৪. মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে এআই
মাস্কের শেষ ভবিষ্যদ্বাণী এআইয়ের সক্ষমতা নিয়ে। তাঁর দাবি, ২০৩০ সালের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা পুরো মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে। ভবিষ্যতে এআইয়ের বুদ্ধিমত্তা মানুষের কল্পনার সীমাকেও অতিক্রম করবে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button