সারাদেশ

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কে জিতবে? পূর্বাভাস দিল সুপার কম্পিউটার।

রাত পোহালেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটির গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আফ্রিকার অন্যতম শক্তিশালী দল আলজেরিয়া।

ম্যাচের আগে ফুটবল পরিসংখ্যান ও বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটারের ২৫ হাজার সিমুলেশনে স্পষ্ট ফেভারিট হিসেবে উঠে এসেছে আর্জেন্টিনা। তবে আলজেরিয়াকেও একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। অপ্টার হিসাব অনুযায়ী, উত্তর আফ্রিকার দলটির নকআউট পর্বে ওঠার সম্ভাবনা ৫৭.৪ শতাংশ।

বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ২৬ ম্যাচ খেলার রেকর্ড ইতোমধ্যেই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে ৩৮ বছর বয়সী এই মহাতারকা ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশগ্রহণের অনন্য কীর্তি গড়বেন। কয়েক ঘণ্টা পর একই মাইলফলকে পৌঁছাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদোও।

বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। তবে দুই দলের পূর্ব পরিচয় রয়েছে। ২০০৭ সালের জুনে বার্সেলোনার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম জোড়া গোল করেছিলেন তরুণ লিওনেল মেসি।

শুধু মেসির ওপর নির্ভরশীল নয় আর্জেন্টিনা। দলের আক্রমণভাগে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ। বাছাইপর্বে দুজনই চারটি করে গোল করেছেন। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার লক্ষ্য এবার ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ শিরোপা জয় করা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার রেকর্ডও বেশ সমৃদ্ধ। ১৯৯০ সালে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারের পর গত ৩৪ বছরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কখনো গোলশূন্য থাকেনি আলবিসেলেস্তেরা।

অন্যদিকে, আফ্রিকান বাছাইপর্বে দারুণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে আলজেরিয়া। ১০ ম্যাচে ২৪ গোল করা দলটির বড় ভরসা স্ট্রাইকার মোহাম্মদ আমৌরা। বাছাইপর্বে একাই ১০ গোল ও ৪টি অ্যাসিস্ট করে দলের মোট গোলের ৫৮ শতাংশে সরাসরি অবদান রেখেছেন তিনি। তাই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে চমক দেখানোর স্বপ্ন দেখছে মরুভূমির শিয়ালরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button