

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশিকে ভারতীয় সীমান্ত রক্ষীরা (বিএসএফ) হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী।
দলের আমির ডা. শফিকুর রহমান সীমান্ত হত্যার প্রতিবাদে বলেছেন, ভারত সরকার বারবার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস দিলেও, দুঃখজনকভাবে এসব ঘটনা থামছে না। আমরা ভারতের দায়িত্বশীল মহলের কাছে জানতে চাই, তারা কি সত্যিই এসব অমানবিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নেবে?
বৈঠকে বক্তারা বলেন, হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার মতো মানবাধিকারের চরম লঙ্ঘন করে ভারত নিজেদেরকে নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে প্রমাণ করেছে। অন্তর্বর্তী সরকারকে এ ঘটনায় জোরালো পদক্ষেপ নিতে হবে।
বিএসএফ গত ৩০ নভেম্বর শিবগঞ্জ উপজেলায় সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যা করে লাশ পদ্মা নদীতে ফেলে দেয়। বুধবার ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, সীমান্তে আর কত জীবন যাবে? দুইজন বাংলাদেশি যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর তাদের মরদেহ পদ্মা নদীতে নিক্ষেপ করেছে; এমন গুরুতর অভিযোগ উঠেছে। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান, তারা যেন ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিশ্চিত করে।



