

অনলাইন নিউজ ডেস্ক
গণভোটের ফল বাস্তবায়ন না হলে সরকারকে জনগণের প্রতিরোধের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, যে গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, সেই একই দিনের নির্বাচনের ভিত্তিতেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই গণভোটের ফল উপেক্ষা করলে সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বিএনপির সমালোচনা করে বলেন, দলটি আওয়ামী লীগের মতো হতে পারবে না, তবে ‘ডামি ফ্যাসিবাদ’-এ পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাঁর অভিযোগ, অতীতে যে অধ্যাদেশগুলো ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে শক্তিশালী করেছে, সেগুলো বিএনপি বাতিল করেনি, যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
তিনি আরও বলেন, বিএনপি আগে সংবিধান সংস্কারের অঙ্গীকার করলেও এখন সে অবস্থান থেকে সরে এসেছে। তাঁর দাবি, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রথম দফাতেই সংবিধান সংস্কারের কথা উল্লেখ ছিল।
সংবিধান সংশোধন-সংক্রান্ত সংসদীয় প্রক্রিয়ার সমালোচনা করে জামায়াত আমির বলেন, সংবিধানে ‘সংবিধান সংশোধন কমিটি’ নামে কোনো কমিটির বিধান নেই। তাঁর অভিযোগ, নাম পরিবর্তন করে ‘বিশেষ কমিটি’ করা হলেও এর মাধ্যমে সরকার নিজেদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। তিনি দাবি করেন, এ ধরনের উদ্যোগের পরিণতি ভালো হবে না।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদ ও আহত—সবার অবদান সমানভাবে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করারও দাবি জানান তিনি।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার যদি গণভোটের ফল বাস্তবায়ন না করে, তাহলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাঁর অভিযোগ, সরকার গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করছে না।
বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দলটি গণতন্ত্রের চেয়ে ক্ষমতা অর্জনের রাজনীতিতে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে বিএনপি দেশে চাঁদাবাজির সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। তাঁর ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সব শক্তিকে সংস্কার ও বিচারের দাবিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিরোধী দলগুলো সরকারের প্রতিপক্ষ নয়, বরং দেশের কল্যাণে সহযোগী। তিনি রাষ্ট্র সংস্কারের উদ্যোগ গ্রহণ করে দেশকে সুশাসনের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।



