জাতীয়

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন নিউজ ডেস্ক

রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি সাংবাদিকদের জানান।

বৈঠকে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণের উপায় নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে আরও কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।

এ ছাড়া রাজধানীর অন্তত আরও ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুততম সময়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button