

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বমানের ফুটবলার তৈরির স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২০ জুন) রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশকে ভবিষ্যতে ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করতে হবে। শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করে তাদের মেধা বিকাশের ওপরও তিনি গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শিশুদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সৃজনশীল বিকাশের সুযোগ বাড়াতে হবে। গান, ছবি আঁকা, কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরির কথাও তিনি উল্লেখ করেন।
শিশুদের উদ্দেশে তিনি বলেন, তারাই দেশের ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষতা অর্জন করলে একটি শক্তিশালী ও উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি জানান, আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ‘প্রাইম মিনিস্টার’স কাপ’ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতিযোগিতা আরও বিস্তৃত হয়।
সারা দেশের ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাই শেষে চারটি বিদ্যালয় ফাইনালে অংশ নেয়। বালক ও বালিকা—দুই বিভাগেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা খাতের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।



