রাজনীতি

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই রয়েছে: পাটোয়ারী

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গঠন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। তবে দুই বছর পেরিয়ে গেলেও সেই লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সরকার ও সংসদের কাছে তাদের প্রশ্ন—দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে—রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং অতীত রাজনৈতিক সহিংসতার বিচার নিশ্চিত করা। এসব ইস্যুতে কোনো আপস করা হবে না এবং প্রয়োজন হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিএনপির সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, গণতন্ত্র ও সংস্কারের প্রশ্নে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি ব্যর্থ হচ্ছে। তার দাবি, বিভিন্ন ধর্মীয় ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা বন্ধ করে জনগণের পক্ষে অবস্থান নেওয়া উচিত।

তিনি অভিযোগ করেন, খুলনাসহ দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ হয়েছে। কেসিসি, কেডিএ ও জেলা পরিষদের মতো প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের মাধ্যমে প্রশাসনকে প্রভাবিত করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সবশেষে তিনি দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো বিভ্রান্তি বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দেশের স্বার্থে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যেতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button