

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আবদুস সালাম (এম. এ. সালাম)।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩ (প্রেসিডেন্টস অর্ডার নং–২৯, ১৯৭৩)-এর ধারা ১০(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট তাকে এ পদে নিয়োগ দেন।
নিয়োগ আদেশ অনুযায়ী, ব্যারিস্টার এম. এ. সালাম যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আইন পেশার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ব্যারিস্টার এম. এ. সালাম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।
তার এ নিয়োগে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে দেশের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম তার নেতৃত্বে আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।
ব্যারিস্টার এম. এ. সালামকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।



