জাতীয়

বদলির তদবিরে মন্ত্রণালয়ে শিক্ষকদের ভিড়, অফিসে ঢোকাই কঠিন: শিক্ষামন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

শিক্ষকদের বদলির তদবির নিয়ে মন্ত্রণালয়ে অতিরিক্ত ভিড়ের কারণে নিজের ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের অফিস কক্ষে প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বাস্তবায়নে করণীয় বিষয়ে ঢাকা জেলার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “বদলির তদবির নিয়ে শিক্ষকরা এত বেশি ভিড় করেন যে, আমি এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আমাদের অফিস রুমে ঢুকতেই পারি না।” তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক বদলির জন্য মন্ত্রণালয়ে আসেন এবং তাঁদের বড় অংশই ঢাকায় বদলি হতে চান।

প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষমতা উপজেলা পর্যায়ে দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব শিক্ষকই ঢাকায় বদলি হতে আগ্রহী। তাঁদের কথা শুনলে মনে হয়, দেশের সব বিদ্যালয় যেন ঢাকাতেই অবস্থিত। এ বাস্তবতা বিবেচনা করেই বদলির বিষয়টি উপজেলা পর্যায়ে নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button