জাতীয়

দলীয় কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা ও আমানতদারিতার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

অনলাইন নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দলীয় কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সততা, দক্ষতা ও আমানতদারিতার সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় অফিস স্টাফদের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি আদর্শিক সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় কেবল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্থান নয়; এটি সংগঠনের শৃঙ্খলা, সেবার মান এবং মূল্যবোধের প্রতিফলন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা বজায় রাখা, দায়িত্ব পালনে আন্তরিকতা প্রদর্শন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, অফিসের প্রতিটি দায়িত্ব আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইবাদতের মানসিকতা নিয়ে সম্পন্ন করা উচিত। নিষ্ঠা, নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করলে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সমাজ—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং চারিত্রিক মান উন্নয়নে সচেষ্ট থাকার পরামর্শ দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় অফিস কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আ. ফ. ম. আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বক্তারা সংগঠনের অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button