

অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বনাঞ্চল ধ্বংস করে শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া ব্যক্তিই বর্তমানে পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। তার মতে, এ ধরনের নীতি অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে দেশের পরিবেশ পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষ বিতরণ ও পরিবেশবিষয়ক সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে এনসিপির বড় পরিসরে নীতিনির্ধারণের সুযোগ সীমিত হলেও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি করাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি সরকারের পরিবেশ নীতির সমালোচনা করে বলেন, পরিবেশ সুরক্ষা এখনো রাষ্ট্রীয় অগ্রাধিকারে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।
আসিফ মাহমুদ আরও বলেন, কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে পরিবেশগত ক্ষতি আরও বাড়বে এবং এর দায় পরবর্তী সরকারগুলোকেও বহন করতে হবে।
অনুষ্ঠানে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, ৬ থেকে ১২ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ২০টি স্কুলে ২০০টি গাছ বিতরণ ও রোপণ করা হবে। পাশাপাশি দখল, দূষণ ও দাহ প্রতিরোধ নিয়ে একটি সেমিনারও আয়োজন করা হবে।



